সীমান্তে ফের ৪৪ জনকে বিএসএফের পুশইন

fec-image

বিভিন্ন জেলার চার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে সর্বোচ্চ ২৩ জনকে ঠেলে দেওয়া হয়। এ ছাড়া ভোরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় আটজনকে। গতকাল বুধবার দুপুরে মুজিবনগরের দারিয়াপুর সীমান্ত দিয়ে চারজন ও বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে দেওয়া হয়।

বিজিবি ও পুলিশ জানায়, গতকাল সকালে ঘাগড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা বিএসএফের ঠেলে দেওয়া ২৩ জনকে আটক করে হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যায়। তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে গতকাল ভোরে বিএসএফ আটজন ঠেলে দেয়। তাদের আটক করেছে বিজিবি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছু না জানানো হলেও পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি স্বীকার করেছেন।

এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে বিএসএফের ঠেলে দেওয়া শিশুসহ ৯ জনকে ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে আটকরা জানান, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ।

গতকাল দুপুরে দারিয়াপুর সীমান্ত দিয়ে একজন পুরুষ ও চার নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, আটকদের থানায় আনা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ও বিএসএফ-৩২ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবি-৬-এর সহকারী পরিচালক হায়দার আলী জানান, বৈঠকে বিএসএফ বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১০ পুরুষ, ১২ নারীসহ মোট ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে। তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হায়দরাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এ ছাড়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে একই পরিবারের পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। গতকাল বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরত আসা ব্যক্তিরা জানান, ২০২০ সালে তারা ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন