নিজ এলাকায় সংবর্ধনা পেলেন রাঙামাটির খই খই মারমা


টেবিল টেনিসে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করা ও ইসলামিক সলিডারিটি গেমসে রুপাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় দেশের উজ্জ্বল তারকা রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার চুশাক পাড়া গ্রামের কৃতি সন্তান খই খই মারমাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে রাজস্থলীর ২নং গাইন্দ্যা ইউনিয়নের এলাকার গ্রামবাসী।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে চুশাক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাহাড়িকন্যাকে বরণ করে নেন চুশাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ কিত্তিমা মহাথের ও গ্রামবাসী।
সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য উথোয়াইইমং মারমার উপস্থাপনায় সাবেক ইউপি সদস্য ও আয়োজক কমিটির সভাপতি উনুমং মারমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইন্দ্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, সাবেক ইউপি সদস্য মঞো মারমা, সাংবাদিক আজগর আলী খান, মহিলা দলের নেত্রী লাকী মারমা সহ আরও অনেকেই।
অনুষ্ঠানের শুরুতেই টেবিল টেনিস সিলভার পদক বিজয়ী কন্যা খই খই মারমাকে এলাকা থেকে শোভাযাত্রাসহকারে ফুলে ফুলে সজ্জিত করে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এ সময় ফুল ছিটিয়ে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খই খই মারমা বিশ্বে বাংলাদেশকে আর বাংলাদেশের কাছে পাহাড়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অভাব-অনটনের সঙ্গে লড়াই করা এ বীরকন্যার অর্জনে আমরা গর্বিত ও উচ্ছ্বসিত।
পরে খই খই মারমার সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, রাঙামাটির রাজস্থলী উপজেলার চুশাক পাড়া গ্রামের এক কৃষক পরিবারের কৃতি সন্তান টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে রৌপ্য পদক জিতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন। এই ১৮ বছর বয়সী মারমা বালিকা বিকেএসপির শিক্ষার্থী এবং ঘরোয়া প্রতিযোগিতাতেও ডাবলসহ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

















