মেসিকে অধিনায়ক করেই বিশ্বকাপ দল ঘোষণা আর্জেন্টিনার


যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের সুখ স্মৃতি ধরে রাখতে কোচ লিওনেল স্কালোনির ভরসা বিশ্ব ফুটবলের মহা তারকা লিওনেল মেসির উপরেই। তাইতো ফুটবল জাদুকরকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছেন স্কালোনী। তরুণ তুর্কী ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া বিশ্বকাপ দল নিয়ে আশা দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন।
২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকা সদস্যই স্থান পেয়েছেন আর্জেন্টিনার এবারের মূল স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের বিশ্বস্ত সেনানী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে।
আসন্ন বিশ্বকাপ দিয়ে রেকর্ড বইয়ে নতুন কিছু যুক্ত করেন নম্বর টেন। বর্তমানে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলেই। এখন পর্যন্ত ২৬টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন এই ফুটবল জাদুকর। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন তিনি।
এর আগে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলতে গিয়ে বদলি করা হয়েছিল মেসিকে। চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি এমন খবরে হতাশ হয়েছিলো আর্জেন্টাইনরা। তবে মেসির চোট গুরুতর নয় বলে জানিয়েছে মিয়ামি ক্লাব।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ), জেরোনিমো রুলি (মার্সেই), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গঞ্জালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে। এরপর ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

















