টানা বর্ষণে রাঙামাটির কাউখালীতে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং


অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাঙামাটির কাউখালীতে দেখা দিয়েছে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা। ঘাগড়া ছড়াতীরবর্তী ঘরগুলোতে পানি উঠতে শুরু করেছে । এ ছাড়া ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। ফলে উপজেলাটির ৩৯টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপত্তায় প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিংও করেছে উপজেলা প্রশাসন।
গকাল সকাল থেকে উপজেলার ৪টি ইউনিয়নের উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রেডক্রিসেন্টের সদস্যরা পাহাড়ের পাদদেশে যেয়ে বসবাসকারীদের আহ্বান জানান তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল জানান, ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩টি পরিবারের ৩৫ জন সদস্য সোমবার রাত থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধ স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিকেল নাগাদ আশ্রয়কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন তিনি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন জানান, গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
তারা নিজেরা সরে না আসলে আইন প্রয়োগের মাধ্যমে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে। পাহাড় ধসের ক্ষতি থেকে রক্ষা পেতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
















