দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে আগামীকাল বিক্ষোভ


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে আগামীকাল (৮ জুন) রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে এ শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মূল দাবি হলো—অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আয়োজকরা রাঙামাটি জেলার নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
















