টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় মরক্কো


শেষ মুহূর্তের সমতাসূচক গোল, অতিরিক্ত সময়ের উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর টাইব্রেকার—সব নাটকীয়তার শেষে হাসল মরক্কো। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দলটি।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচের স্কোর ছিল ১-১। এরপর ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির সফল শেষ শটে জয় নিশ্চিত করে মরক্কো।
টাইব্রেকারে প্রথম শটে নেদারল্যান্ডসের টেউন কুপমাইনার্স গোল করলেও মরক্কোর হয়ে প্রথম শট নষ্ট করেন নিল এল আয়নাউয়ি। দ্বিতীয় শটে ডাচদের জাস্টিন ক্লাইভার্টের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। মরক্কোর হয়ে আবদেররাজাক রাহিমি গোল করে সমতা ফেরান।
তৃতীয় শটে ওয়াউট ভেগহর্স্ট নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে দিলেও শেমসদিন তালবি গোল করে মরক্কোকে সমতায় রাখেন। চতুর্থ শটে কুইন্টেন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আশরাফ হাকিমিও; তার শটও জালে জড়ায়নি।
পঞ্চম শটে নেদারল্যান্ডসের ক্রিসেন্সিও সামারভিলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইয়াসিন বুনো। এরপর ইসমাইল সাইবারি নির্ভুল শটে গোল করে মরক্কোর শেষ ষোলো নিশ্চিত করেন।
এর আগে প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। বলের দখলে ছিল সমান লড়াই, তবে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল মরক্কো। প্রথম ৪৫ মিনিটে তারা চারটি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নেদারল্যান্ডস তিনটি শট নিলেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে গড়ে ওঠা আক্রমণে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে ইউরোপের দলটি।
কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই বদলে যায় ম্যাচের চিত্র। ৯১তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিওপ। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল, আর সেটিই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। সেই গোলেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল আর গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় মরক্কো।
নাটকীয় এই জয়ের পর শেষ আটে ওঠার লক্ষ্য নিয়ে এখন শেষ ষোলোর লড়াইয়ের অপেক্ষায় থাকবে মরক্কো।

















