সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দীপেন দেওয়ানের


পদত্যাগের প্রায় একমাস পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী আসন রাঙামাটি রাজসিক অভ্যর্থনায় ফিরলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সদ্য বিদায়ী মন্ত্রী দীপেন দেওয়ান। এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন রাঙামাটি বিএনপির নেতাকর্মী ও তার অনুসারীরা। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দীপেন দেওয়ান।
বুধবার (১ জুলাই) রাঙ্গামাটিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সংবর্ধনার পর দেওয়া বক্তব্যে দীপেন দেওয়ান বলেন,বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এবার আর বরদাশত করবো না। আমি তৃণমূল ভাইদের সঙ্গে আছি, তৃনমূল ভাইদের সঙ্গে থাকবো। এই তৃণমূল হচ্ছে বিএনপির শক্তি, বিএনপির প্রাণ। আমি এখনও সংসদ সদস্য আছি। আপনারা কোনো কিছু ভুলে যাবেন না। বিএনপিতে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেও নিজ দলের প্রতি পূর্ণ সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আমাদের প্রিয় দলের নেত, আমাদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনার বাইরে আমরা কোন কিছু করবো ন, উনার আদেশ হচ্ছে সর্বশেষ আদেশ।
তিনি আরও বলেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই থাকবেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি। এসময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।
এর আগে ঢাকা থেকে সড়ক পথে রাঙ্গামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান। পরে মোটর শোভাযাত্রাসহ বিকেল ৪টায় শহরের কাঠালতলী দলীয় কার্যালয়ে উপস্থিত হন।

















