আলীকদমে জোটের রাজনীতি : আ.লীগ-বিএনপি সর্বেসর্বা

A.ligue-Bnp logo 

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) সংবাদদাতা :

পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদমে জোটের রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপি সর্বেসর্বা। এ দুই প্রধান রাজনৈতিক দলের জোটের রাজনীতি চলছে কাগজে-কলমে। ১৪ দলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শরীক দল নেই। ১৮ দলে বিএনপি-জামায়াত ছাড়া অন্যদলের অস্তিত্ব নেই। স্থানীয় রাজনীতির মাঠে আওয়ামী লীগ ‘এককভাবে’ এবং বিএনপি সাম্প্রতিক সময়ে ‘জামায়াত’কে সাথে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মারমা জানান, আলীকদমে জোটের রাজনীতিতে আওয়ামী লীগ এককভাবে দায়িত্ব পালন করছে। জাতীয় পার্টির একটি কমিটি থাকলেও ইতোপূর্বে তারা কোন কর্মসূচিতে অংশ নেয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলমগীর বলেন, স্থানীয় আ.লীগ নেতারা কোন কর্মসূচিতে তাদেরকে গুরুত্ব দেয়নি। তাই জোটগতভাবে আন্দোলনে তারা ছিল না।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও পার্বত্য আলীকদম উপজেলায় শুধুমাত্র আওয়ামী লীগ নেতা-কর্মীরাই সকল রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে।

কেন্দ্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের সময়ও ১৪ দলের কোন ব্যানার ব্যবহার করা হয় না। এর কারণ হিসেবে জানা গেছে, এ উপজেলায় ১৪ দলে আ.লীগ ছাড়া অন্য শরীক দলের অস্তিত্ব নেই।

অপরদিকে, এ উপজেলায় গত ২৫ অক্টোবর থেকে রাজনৈতিক কেন্দ্রঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ব্যানার ব্যবহার করা হচ্ছে। এর আগে এ উপজেলায় বিএনপির কোনো রাজনৈতিক সভা-সমাবেশে ১৮ দলীয় জোটের ব্যানার ব্যবহার করতে দেখা যায়নি। একক দলীয় ব্যানারে সবকিছু করেছে বিএনপি। জোটবদ্ধ রাজনীতিতে জামায়াত ছিল অনেকটা কোনঠাসা। ঘরোয়া কর্মসূচি পালনেই সীমাবদ্ধ ছিল তারা। জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচিতে জামায়াত-শিবির সরব হতে পারেনি এ উপজেলা। কিন্তু গত ২৫ অক্টোবরের পর থেকে উপজেলার রাজনৈতিক কর্মসূচিতে জামায়াত অনেকটা সরব হয়ে উঠেছে।

জামায়াতের ছাত্র সংগঠন শিবির সাম্প্রতিক হরতালে এককভাবে বিক্ষোভ মিছিল করে অনেকটা নজর কেড়েছে। জোটের রাজনীতির ময়দানে বিএনপি-জামায়াত ছাড়া ১৮ দলের শরীক অন্যদলেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচীতে আলীকদমে ১৮ দলে বিএনপি ও জামায়াত জোটবদ্ধ আন্দোলন করছে। তবে জামায়াত ছাড়া ১৮ দলীয় জোটে অন্য কোন দল এ উপজেলায় নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন