উখিয়ায় এক সপ্তাহে ৫ শিশু-কিশোর নিখোঁজ, মুক্তিপণ দাবি

fec-image

কক্সবাজারের উখিয়ায় গত এক সপ্তাহে পৃথক ঘটনায় ৫ শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজনকে ঘিরে অপহরণকারীরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

নিখোঁজরা হলেন- উখিয়া রত্নাপালং ভালুকিয়া মাঝেরপাড়া এলাকার শিশু নুসাইবা, ভালুকিয়া পল্লানপাড়া এলাকার মাসুদ মোহাম্মদ আরবীত, হলদিয়াপালং ঘাঁটিরপাড়া এলাকার হৃদয় হাসান এবং উখিয়ার কিশোর রেদোয়ান ও পালংখালির থাইংখালি হাকিম পাড়ার মো. শরীফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উখিয়া উপজেলার রত্নাপালং, হলদিয়াপালং ও পালংখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে পৃথক ঘটনায় ৫ শিশু-কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগও দেখা দিয়েছে।

এতে স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের অভিভাবকদের মধ্যেও নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে নিখোঁজদের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় দোকানপাটেও ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমির হামজা বলেন, একের পর এক ৫ শিশু-কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। কারণ তারা নিয়মিত স্কুলে যাওয়া-আসা করে। যদি তাদের কেউ নিখোঁজ হয়ে যায় বা অপহরণের শিকার হয়, সেই চিন্তায় আমরা এখন উদ্বিগ্ন।

এখন পর্যন্ত নিখোঁজ হওয়া শিশু-কিশোরদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের মধ্যে শিশু নুসাইবার অপহরণের ঘটনায় মুক্তিপণ দাবি করা হচ্ছে বলেও জানা গেছে। সর্বশেষ গতকাল ২৩ জুন পালংখালি ইউনিয়ন থাইংখালির বাসিন্দা মো. শরীফ নিখোঁজ হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, অপহৃত শিশু নুসাইবার বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ও র‍্যাব সদস্যরা তাকে উদ্ধারে কাজ করছে।

তিনি আরও জানান, বাকি নিখোঁজদের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন