টেকনাফে ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ পৌর শহরের মিল্কী রিসোর্ট নামের এক আবাসিক হোটেল থেকে প্রায় ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেন্সিখালী ইউনিয়নের মৃত আবদুল জলিলের ছেলে মো. করিম উল্লাহ (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হামিদ উল্লাহ (৪০)।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ইয়াবা বেচাকেনার সময় বাস স্টেশন আবাসিক হোটেল মিল্কী রিসোর্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকৃতরা জানায়, ইয়াবাগুলো কক্সবাজার পৌঁছে দিলে তাদেরকে বিনিময়ে ৫ হাজার টাকা দিয়ে দিবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গোপন সংবাদে ইয়াবা বেচাকেনার সময় হাতেনাতে ৯হাজার ৮’শ পিচ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আবাসিক হোটেল মিল্কী রিসোর্টে প্রতিনিয়ত ইয়াবা বিক্রির হাট বসে এবং কর্মচারীর সমন্বয়ে গঠিত সংঘবদ্ধ চক্রটি ইয়াবা ব্যবসা ও চুরির সাথে জড়িত বলে জানা গেছে। কয়েকদিন আগে এ হোটেল থেকে ৩ পর্যটকের প্রায় ৭০ হাজার নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়।


















