থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


বান্দরবানের দুর্গম উপজেলা থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. নাঈম বিন শাহজাহান, জেলা ইপিআই সুপারভাইজার উবামং মারমা, প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ব্র্যাক ম্যানেজার প্রিয় লাল চাকমা, স্বাস্থ্য পরিদর্শক মনিকা লেনচেও, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী পর্বে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের থানচি উপজেলায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি স্থায়ী ও ৯৬টি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬ হাজার ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়েছে।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়ভাবে এ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।
প্রতিটি শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, শিশু মৃত্যুহার কমাতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















