পার্বত্য তিন জেলায় আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। এ দিন প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে। সারাদেশের ন্যায় পার্বত্য তিন জেলায়ও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৫৯ হাজার ২২৪ শিশুকে। রাঙামাটি ৮১ হাজার ২২৪, বান্দরবানে ৭০ হাজার এবং খাগড়াছড়িতে ১ লাখ ৮ হাজার ১১৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
রাঙামাটি ৮১ হাজার ২২৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
১২ ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলায়ও এ প্লাস ক্যাম্পেইন হবে। এ জেলায় সর্বমোট ৮১ হাজার ২২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী।
তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় এবার ১ হাজার ৩১৪টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৯ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭১ হাজার ৮৩৯ জনকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যদি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে কেউ বাদ পড়ে তা হলে তার পরের দিন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বান্দরবানে ৭০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
বান্দরবানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬৯ হাজার ৮৮৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ ডিসেম্বর সারাদেশের ন্যায় বান্দরবানেও এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।
তিনি জানান, জেলায় ৮টি স্থায়ীসহ (সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স) অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, সব মিলিয়ে এই জেলায় ৬৯ হাজার ৮৮৪ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনে বান্দরবানের ৭ উপজেলার ২টি পৌরসভা, ৩৪টি ইউনিয়নে, ৯৬টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫৬৫ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩১৩ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
খাগড়াছড়িতে ১ লাখ ৮ হাজার ১১৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলায়ও ১২ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। এদিন ১ লাখ ৮ হাজার ১১৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
তিনি বলেন, সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৩ হাজার ১৩১ জন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে। খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ীভাবে ৯৩৬টি কেন্দ্র থাকবে এবং মোট ১৮৯২ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা তাদের লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোনো শিশুই যেন ঝরে না পরে।

















