কাপ্তাইয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হামলার শিকার ব্লগার পাইশিখই মারমা


কাপ্তাই ৩নং চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনা করতে এসে সন্ত্রাসীদের হামলায় পাহাড়ের সুপরিচিত ব্লগার পাইশিখই মারমা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫আগস্ট) বিকাল ৫টায় আহত পাইশিখই মারমা (২৩) চট্টগ্রাম হতে স্ত্রীকে নিয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে আসেন।
জানা যায়, আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেএসএস সন্ত্রাসীরা পাইশিখইকে অপহরণ করে নিয়ে যেতে চায়। এ সময় তিনি পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশকে ফোন করে জীবনরক্ষার আর্তি জানান। পার্বত্যনিউজ সম্পাদক সাথে সাথে বিষয়টি রাঙামাটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল মহল দ্রুত তৎপর হয়ে ওঠে।
এতে তাকে অপহরণ করার চেষ্টা ব্যর্থ হলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়। এরই মধ্যে বিজিবি ক্যাম্প থেকে সদস্যরা সেখানে পৌঁছানোর খবর পেয়ে সন্ত্রাসীরা তাকে সেখানেই ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উদ্ধার করে প্রথমে ক্যাম্পে এবং পরে হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থবোধ করার পর পাইশিখই বাড়ি যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলে তাকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাইশিখই মারমা খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে।
ফেসবুক, ইউটিউবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো।
জানা যায়, আজ কাপ্তাই চিৎমরমে এই পাইপ্রু মারমা খ্যইপাইং-এর নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী পাইশিখই মারমার ওপর হামলা করে। পাইপ্রু মারমা খ্যইপাইং প্রকাশ খ্যইপাইং জেএসএস সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের কাপ্তাই চিৎমরম অঞ্চলের কমান্ডার। সন্ত্রাসী পাইপ্রু মারমা খ্যইপাইং রাজস্থলী উপজেলা তংবোশে পাড়ার মৃত থুইমং মারমার ছেলে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।।
এ ব্যাপারে পাইশিখই মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি পার্বত্যনিউজকে জানান, তিনি বর্তমানে অসুস্থ, খুব দ্রুত নিরাপদে বাড়ি যেতে আগ্রহী; সেখানে গিয়ে পরিবারের সাথে কথা বলে মামলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবো।

















