বিলাইছড়ি সীমান্ত সড়কে হলুদবোঝাই জিপ উল্টে বৃদ্ধ নিহত, আহত চালক

fec-image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় হলুদবোঝাই চান্দের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মো. আব্দুস সালাম (৬০) ওরফে সালাম মাঝি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চালক বেল্লাল হোসেন (৩৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম সীমান্ত সড়কের ২৫ কিলোমিটার লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে হলুদবোঝাই করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ির যাত্রী আব্দুস সালামের মৃত্যু হয় এবং জিপচালক বেল্লাল হোসেন আহত হন।

আহত জিপচালককে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আব্দুস সালাম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সিপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। চালক বেল্লাল হোসেন একই উপজেলার একই ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার কবির আহম্মদের ছেলে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিলাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন