মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা পেলে

fec-image

ফুটবলে সর্বকালের সেরা কে—এই বিতর্কে সাধারণত আলোচনার কেন্দ্রে থাকেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ ভিন্ন। তাঁর মতে, সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি পেলে।

সম্প্রতি বিশ্বের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তরুণ বয়সে সরাসরি পেলের খেলা দেখার অভিজ্ঞতাই তাঁকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে।

ট্রাম্প বলেন, “অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন পেলে ‘কসমস’ দলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। আমার বন্ধু স্টিভ রস, যিনি ওয়ার্নার কমিউনিকেশনসের সাবেক সিইও ছিলেন, তাঁকে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।”

তিনি আরও বলেন, “সেদিন স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ। এটি বর্তমান মেটলাইফ স্টেডিয়ামের আগের সংস্করণ হলেও একই মেডোল্যান্ডস এলাকাতেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। আমি তখন তরুণ ছিলাম এবং পেলের খেলা দেখতে গিয়েছিলাম। তিনি ছিলেন অসাধারণ।”

মেসি ও রোনালদোর তুলনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “হয়তো আমি একটু পুরোনো ধাঁচের কথা বলছি, যেমন অনেকে বেব রুথের কথা বলেন। কিন্তু আমার কাছে পেলে সত্যিই সর্বকালের সেরা ফুটবলার।”

এদিকে মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। দেশের জার্সিতে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি বিশ্বকাপে নতুন নতুন কীর্তি গড়ছেন। অন্যদিকে পর্তুগালের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

উল্লেখ্য, আসন্ন ফিফা বিশ্বকাপের ফাইনালে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত হতে পারে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডোনাল্ড ট্রাম্প, সর্বকালের সেরা প্লেয়ার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন