রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

fec-image

টানা ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, চলমান ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে এবং অফিস খোলা থাকবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি ঢলে নদীপথেও ঝুঁকি বেড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন