১ হাজার পিস ইয়াবাসহ আটক রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

fec-image

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ আটক রোহিঙ্গা তরুণী জাহিদা বেগম (২০)-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। গত ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে নগরীর কলসগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালিয়ে পরিহিত প্যান্টের পকেটে থাকা পাঁচটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর বিমানবন্দর থানার এসআই আল আমিন নাঈম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই থানার এসআই মো. ছানোয়ার হোসেন গত ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাহিদা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাগরিক, মাদক, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন