আলীকদমে হাম আক্রান্তদের খোঁজ নিলেন থানজামা লুসাই

বান্দরবানের আলীকদমে হাম ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের বিষয়ে খোঁজ খবর নিতে এলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
শুক্রবার (১৫ মে) আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপরে হাসপাতালে হাম ও ডায়রিয়া রোগীদের সাথে কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,পেন্নয় শিক্ষালয় এর পরিচালক উথোয়াইগ্য মার্মা, ম্রো ইয়ুথ অর্গানাইজেশন এর সভাপতি সেথং ম্রোসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ বলেন,প্রত্যন্ত দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে টিকাদান ও প্রাথমিক চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন,আজ সকালে হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং কুরুকপাতা থেকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই সংপ্রং ম্রো নামে একজন মারা যান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,ইতিমধ্যে আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে একটি কমিউনিটি ক্লিনিক স্হাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া কার্যক্রম শেষ হয়েছে। এখানে ব্যাপক বিশুদ্ধ পানি সংকট ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নাই এইগুলো স্হাপনের ব্যবস্হা গ্রহন করা হবে বলে জানান। তিনি আরও বলেন, কুরুকপাতা এলাকায় স্বাস্থ্য,শিক্ষা, বিশুদ্ধ পানির ব্যাপল সংকট রয়েছে।
















