ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার পথ সভায় ডাকসু জিএস এস এম ফরহাদ

fec-image

চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং ১৮ কোটি মানুষকে মুক্তির স্বাদ দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে (সদর, রামু ও ঈদগাঁও) দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুরের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে ভোট চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস এস এম ফরহাদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন, ১৪ শতাধিক শহীদ ও প্রায় অর্ধলাখ আহতের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব যদি আসন্ন গণভোটে ব্যর্থ হয়, তবে এ জাতির কপালে গোলামির জিঞ্জির জগদ্দল পাথরের মতো চেপে থাকবে। তাই তিনি ভয়ভীতি উপেক্ষা করে আসন্ন নির্বাচনে এগারো দলীয় জোট ও ‘হ্যাঁ’-র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

রবিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, লায়েক ইবনে ফাজেল ও তৈয়ব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দেশজুড়ে নতুন দেশ বিনির্মাণে পরিবর্তনের জোয়ার উঠেছে। সেই জোয়ারের নেতৃত্ব দিচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তি—জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট। তাই সারা দেশের মতো কক্সবাজার-৩ আসনেও দাঁড়ি-পাল্লা প্রতীকের জোয়ার আজকের এই জমায়েত। তিনি আগামী ১২ তারিখ দাঁড়ি-পাল্লা ও ‘হ্যাঁ’-র পক্ষে ভোট দেওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ সংসদীয় আসনের দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সাবেক জেলা আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা নুরুল হক, জেলা এনসিপি নেতা ও ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর মুহাম্মদ ইফতেখারসহ এগারো দলীয় জোটের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করে। ক্রমান্বয়ে জনতার ঢল নামে। পরে গণমিছিলে দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও ডাকসু জিএস এস এম ফরহাদ যোগ দিলে মুহুর্মুহু স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। পরবর্তীতে বাস স্টেশনে মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদ্গাঁও, জামায়াত, ডাকসু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন