কক্সবাজারে নিহত ৫ নারীকে চৌদ্দগ্রামে দাফন


কক্সবাজারে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামে পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩ জনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ জনের জানাজা শেষে তাদের দাফন করা হয়।
এর আগে বুধবার (৫ নবেম্বর) দিবাগত রাতে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়।
নিহতরা হলেন চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), তার মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।
এদিকে দুর্ঘটনার পর ৫ নারী নিহতের খবরে চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।
গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী ও শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন। বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টিায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন আরও তিনজন।

















