কক্সবাজার ৩ বিএনপিরই আসন, দাবি কাজলের


কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে কক্সবাজার-৩ সংসদীয় আসন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এই আসনটি বিএনপির আসন হিসেবেই পরিচিত বলে দাবি করছেন তিনি।
ধানের শীষ মার্কার এই প্রার্থী বলেন, এটি বিএনপির আসন হিসেবেই পরিচিত। তৃণমূলে বিএনপির কর্মী-সমর্থক বেশি। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে ভোট দেওয়ার স্বপ্ন জাগ্রত হয়েছে। আমরা প্রচারণা শুরুর পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারগণ বিএনপিকেই বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।
জানা যায়, এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর। তিনি ভিপি বাহাদুর নামেই বেশি পরিচিত। দলের সাংগঠনিক কার্যক্রম মজবুত থাকায় নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বাহাদুর।
এর বাইরে এবি পার্টির প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা সরওয়ার সাঈদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা আ হ ম নুরুল আলম হিলালী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ও রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর মাঠে রয়েছেন।

















