কুতুবদিয়ায় মৃত কিশোরীকে রেখে পালাল স্বজনেরা


কক্সবাজারের কুতুবদিয়ায় মৃত কিশোরীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বজনেরা। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ লেমশীখালীর ছিদ্দিক হাজির পাড়ার তাছমিনা আক্তার (১৫) নামের কিশোরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান জানান, রাত ৯টার দিকে তাছমিনা আক্তারকে জরুরি বিভাগে আনা হয়। এসময় তাকে মৃত শনাক্ত করা হলে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা সটকে পড়ে।
পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এসআই ওমর ফারুক।
কিশোরীর মা–বাবা কাউকেই পাওয়া যাচ্ছে না। হাসপাতালে দেওয়া পিতা মুজিবুর রহমানের নম্বরে ফোন করলেও নানা অসংগতিপূর্ণ জবাব পাওয়া যাচ্ছে। কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

















