খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা স্থানীয়দের


খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ধুমুনিঘাটের পঙ্খীমুড়া এলাকায় সেনা জোনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন। নারী–শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষ এ সেবায় অংশ নেন।
এদিন মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও তাৎক্ষণিক চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্গম এই পাহাড়ি জনপদে এমন মানবিক সেবা সাধারণ মানুষের জীবনযাপনকে সহজ করে তোলে। পাশাপাশি সেনাবাহিনীর প্রতি তাদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আরও গভীর হয়।
স্থানীয়রা আরও বলেন, “সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তাই দেয় না, মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেয়। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শেষ নেই।”
প্রতি মাসে নিয়মিত এ ধরনের কমিউনিটি ক্লিনিক আয়োজনের আহ্বান জানিয়ে স্থানীয়রা আরও বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ শুধু মানবিক উদাহরণই নয়, পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করে।
মহালছড়ি জোন সফলভাবে কর্মসূচিটি আয়োজন করে এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করেছে—এমন মন্তব্য করেন উপস্থিত অনেকে। সেনাবাহিনী যে দেশের মানুষের পাশে থেকে উন্নয়ন, চিকিৎসা ও মানবিক সহায়তায় অবদান রেখে যাচ্ছে, এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ।
এ ধরনের উদ্যোগ পাহাড়ে বসবাসরত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাচ্ছে—এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

















