চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ২৩ আগস্ট

fec-image

২৪’র জুলাই গণঅভ্যুত্থানের পর নতুনরূপে প্রাণ ফিরেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে। আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। দীর্ঘ পাঁচ বছর পরে মুক্ত পরিবেশে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছাস বিরাজ করছে। 

বহুল প্রত্যাশিত ও কাঙ্খিত এই সম্মেলন ঘিরে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি, নানা কর্মযজ্ঞ ও সাংগঠনিক তৎপরতা। দলীয় নেতাকর্মীর মাঝে যেমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে তেমনি সম্মেলন ঘিরে রূপ পেয়েছে দলের নতুন এক শক্তি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে অত্যাচার, জেল-জুলুমের শিকার নেতাকর্মীরা দ্বি-বর্ষিক সম্মেলন সফল করতে গেল দশদিন ধরে কর্মদ্যেমে মাঠে কাজ করছেন। ইতিমধ্যে মাঠ পরিস্কার, প্যান্ডেল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজও সম্পন্ন হয়েছে।

উপজেলা বিএনপির এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির বিষয়েও নেতাকর্মীদের বিশেষ বার্তা দেবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এছাড়াও আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন–চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর হেলাল, সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, সঞ্চালনায় থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র ও যুবনেতা এম.মোবারক আলী।

সম্মেলন সফল করতে উপজেলার প্রতিটি ইউনিটে কর্মীসভা, মতবিনিময় ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। পুরো উপজেলা জুড়ে চলছে যেন এক উৎসবমুখর আমেজ। ইতোমধ্যে সম্মেলনস্থল ঘিরে নতুন সাজে সেজেছে। বিশেষ করে সম্মেলনে সালাহ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে আগমণ করার লক্ষে নেতাকর্মীদের ছবি সম্বলিত কক্সবাজার মহাসড়কে তোরণ, ব্যানার-ফেস্টুনে উপজেলার প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলো ছেয়ে গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে সভাপতি ও সম্পাদক পদে পছন্দের প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা প্রচারণা করছেন অনেকেই। তবে, সৎ-পরিচ্ছন্ন, মেধাবী ও কর্মীবান্ধব নেতৃত্ব চান তৃণমূলের নেতা কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ২টায় আনুষ্ঠানিক ভাবে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম শুরু করা হবে। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন, উদ্বোধন ও অতিথিদের বক্তব্যে মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। পরে কাউন্সিল অধিবেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

জানাগেছে, ২০২০ সালের ১২ মার্চ অনুষ্টিত হয়েছিল চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। এতে সভাপতি ছিলেন আনছারুল ইসলাম বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। ওই দুই বছরের মেয়াদ শেষ হলে কমিটি বিলুপ্ত করা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে আহবায়ক করা হয়। কিন্তু বছর পার হতে না হতে শাহজাহান চৌধুরী মৃত্যুবরণ করলে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হককে আহবায়ক করা হয় এবং অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজীকে সদস্য সচিব করা হয়।

 ২৪’র জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গত ৫ আগস্টের পর আহবায়ক কমিটি বিলুপ্ত করে আবারও আরেকটি আহবায়ক কমিটি দেওয়া হয়। এতে আহবায়ক করা হয় এনামুল হককে ঠিক রেখে এম. মোবারক আলীকে সদস্য সচিব করে মাত্র দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়।

 

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন