টেকনাফে ইউনূস হত্যা মামলার আসামী গ্রেপ্তার


টেকনাফের আলোচিত ইউনূস মেম্বার হত্যার অন্যতম আসামী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফরুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (৩ ডিসেম্বর) রাতে স্থানীয় সোর্সের দেওয়া তথ্যমতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১৫ এর সদর কোম্পানি ও সিপিসি-১, টেকনাফের একটি দল কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে অভিযান চালায়। অভিযানে ইউনূস মেম্বার হত্যার এজাহার নামীয় ৫নং আসামী রেজাউল করিম (৩৬)-কে হাসপাতালের ৭ম তলায় পুরুষ ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়। সে বর্তমানে র্যাব-১৫ এর পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বর মাসের ৫ তারিখ কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের ব্রিজের নিচে স্থানীয় ইউপি সদস্য ইউনূসের লাশ ভাসতে দেখে পথচারীরা। এ ঘটনাটি সারাদেশ জুড়ে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
গত ৪ নভেম্বর স্থানীয় মোঃ আলমের দক্ষিণ ফুলের ডেইল বাড়িতে ভিকটিম মোঃ ইউনূস মেম্বারসহ আরো ১০ থেকে ১১ জন দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়া অবস্থায় একপর্যায়ে পূর্ব বিরোধীতার জের ধরে উপস্থিত সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার পরিবারের সাথে যোগাযোগ করে ৬০-৭০ লক্ষ টাকা দাবি করে। একপর্যায়ে নিহত ইউনূস মেম্বারের স্ত্রী তাদের সাথে যোগাযোগ করেও ইউনূস মেম্বারের সাথে সাক্ষাৎ করতে পারেনি। পরের দিন ৫ নভেম্বর ভিকটিমের ফোন সচল না থাকায় সকালে ভিকটিমকে খুঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় সড়কের ব্রিজের নিচে তার মৃতদেহ খুঁজে পায়। পরে ৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রেজাউল করিমকে আসামি করা হয়।

















