ত্রয়োদশ নির্বাচনে মিয়ানমারে অভ্যন্তরীণ প্রভাব বাংলাদেশে পড়বে না : কর্নেল রুবায়াত


বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেছেন, আসন্ন নির্বাচনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিশৃঙ্খলা নিজেদের দেশের ভেতরেই থাকবে, বাংলাদেশে অভ্যন্তরে করবে না বলে আমরা আশাবাদী। বাংলাদেশ বিজিবি সীমান্তবর্তী এলাকার জুড়ে সক্রিয়ভাবে পাশাপাশি প্রতিনিয়ত সজাগ রয়েছে। মিয়ানমারে অভ্যন্তরে যে প্রভাব আগে যেমন আসেনি, এখনো আসবে না বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ নির্বাচনের বিষয়ে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
প্রেস ব্রিফিংকালে সেক্টর কমান্ডার বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বান্দরবানে ১৬৯ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে সাতটি উপজেলায় ২১টি বিজিবি প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। তার মধ্যে রুমা ও রোয়াংছড়িতে ৯ বিজিবির ৭ প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭ প্লাটুনসহ ৫৭ বিজিবি লামা ও আলীকদমে ৭ প্লাটুন মোতায়েন থাকবে। একই সঙ্গে বান্দরবান সেক্টরের ২২টি বেজ ক্যাম্প থেকে নির্বাচনে দায়িত্ব পালন করা হবে।
বিজিবি আরও জানায়, ঝুঁকি বিবেচনা করে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স এবং ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে সাতটি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়। এর ফলে আসন্ন নির্বাচনে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানান বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















