দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্যমন্ত্রী


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স আজকের এই দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান পাবে। দীর্ঘদিনের প্রত্যাশিত ২৫০ শয্যার এই হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রী রাঙামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ আয়োজিত নব নির্মিতি ২৫০ শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। তবে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এখানে স্বাস্থ্যসেবা এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। বর্তমান সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, এ অঞ্চলে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে, যা দ্রুত সমাধানের জন্য তিনি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং আশ্বাস পেয়েছেন যে পার্বত্য তিন জেলায় স্বাস্থ্য উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রোগীদের মানসিক দিক বিবেচনায় রেখে চিকিৎসা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
দীপেন দেওয়ান বলেন, চিকিৎসকদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে অবকাঠামোগত উন্নয়নেও সরকার পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের সরকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া, রাঙামাটি সদর হাসপাতাল আরএমও ডাঃ শওকত আকবর,রাঙামাটি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।















