পেকুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার-১


কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আকিবুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ।
সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার এ ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত যুবক আকিবুল ইসলাম উপজেলার শিলখালী ইউনিয়নের বাজার পাড়া এলাকার আহমদ হোছেনের ছেলে।
পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাসার জন্য পানি আনতে ঘরের বাইরে গেলে আকিবুল ওই কিশোরীকে চড়াপাড়া এলাকা থেকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে রেখে কিশোরীকে কয়েকবার ধর্ষণ করে। পরে সেখান থেকে আবারও পেকুয়ায় নিয়ে এসে যুবক আকিবুল একটি বাড়িতে তাকে আটকে রাখে।
এদিকে কিশোরী মেয়েকে কোথাও না পেয়ে তার পরিবার পেকুয়া থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তের মাধ্যমে ওই কিশোরীকে উদ্ধার করেন। মেয়েকে ধর্ষণ করার ঘটনা জানার পরে কিশোরীর বাবা বাদী হয়ে আকিবুল ইসলামের বিরুদ্ধে পেকুয়া থানায় অপহরণ ও ধর্ষণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী ও পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আব্দুল মালেক জানান, অপহরণ ও ধর্ষণের মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন ভূইয়া বলেন, অপহৃত কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

















