বাংলাদেশসহ চারটি দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি

fec-image

বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে ‘লেভেল-২’ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।  এছাড়াও কিউবা, শ্রীলঙ্কা এবং চীনের গুয়াংডং প্রদেশ এই সতর্কতার আওতায় রয়েছে। এসব দেশে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ফক্স নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিডিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত দেশগুলোতে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। এই রোগের কার্যকর কোনো চিকিৎসা না থাকায় মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ, সংশ্লিষ্ট এলাকায় ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। চিকুনগুনিয়া প্রতিরোধযোগ্য বলে জানিয়েছে তারা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিকুনগুনিয়া ভাইরাসের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর ও গাঁটে ব্যথা। এছাড়া মাথাব্যথা, পেশিতে ব্যথা, গাঁট ফুলে যাওয়া বা র‌্যাশ দেখা দিতে পারে। আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। অধিকাংশ রোগী এক সপ্তাহের মধ্যে সেরে উঠলেও অনেকের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শুধু ঢাকাতেই ৭০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে বলে আইইডিসিআর সূত্রে জানা গেছে।

এদিকে, চীনের গুয়াংডং প্রদেশে গত সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার স্থানীয় চিকুনগুনিয়া রোগী নিশ্চিত হয়েছে। এটি দেশটির ইতিহাসে সর্ববৃহৎ প্রাদুর্ভাব হিসেবে রেকর্ড হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিউবায় ৩৪ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। শ্রীলঙ্কায় চলতি বছরের প্রথম তিন মাসে ১৫০ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে।

সিডিসি সূত্রে জানা যায়, ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ড ভ্রমণকারীদেরও চিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে এসব দেশে বর্তমানে বড় ধরনের প্রাদুর্ভাবের তথ্য নেই। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে চিকুনগুনিয়া সংক্রমণের কোনো ঘটনা পাওয়া যায়নি।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, বাংলাদেশ, সিডিসি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন