বাইশারীতে সাচিং প্রু জেরীর জনসভা

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক জনসমাগম হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একের পর এক পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি।

সকাল সাড়ে ৯টায় বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলায় পথসভা দিয়ে প্রচারণা শুরু করেন সাচিং প্রু জেরী। সেখানে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। এরপর সাড়ে ১০টায় ক্যাংগারবিল আথুইমং পাড়া, সাড়ে ১১টায় আলীক্ষ্যং এলাকায় পথসভায় যোগ দেন তিনি। বেলা ১২টায় করলিয়ামুরা হয়ে বাইশারী হেডম্যান চাক পাড়ায় গিয়ে চাক সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

বিকেল ৩টায় দক্ষিণ বাইশারী খেলার মাঠে বাইশারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জনসভায় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুরের সঞ্চালনায় এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মিলটন ও সাশৈপ্রু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, “পাহাড়ি ও বাঙালি- সব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই বান্দরবানের সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।” তিনি দাবি করেন, তার পরিবার কিংবা তিনি নিজে কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। জেলা পরিষদের দায়িত্বে থাকাকালে ম্রোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ধাপে ধাপে চার কোটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ এবং দেশের সকল কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

জনসভায় বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। তারা দাবি করেন, রাজপুত্র সাচিং প্রু জেরীর বিরুদ্ধে কোনো দুর্নীতি, দখল বা নির্যাতনের অভিযোগ নেই এবং দায়িত্বে থাকাকালে তিনি ঘুষবিহীন প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিলেন।

এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভাকে কেন্দ্র করে বাইশারী বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সভা চলাকালে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন