বান্দরবানের পাহাড়ি জনপদে আকস্মিক দেখা গেলো হাসনাত আবদুল্লাহকে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে আকস্মিকভাবে সোমবার বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এর পর তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা যায়। ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফর— এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মোঃ নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। পরে তার সফরের বিষয়ে তিনি জেনেছেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

















