বান্দরবানে সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জিম্মায় নিল প্রশাসন


বান্দরবানে অবৈধভাবে গড়ে তোলা পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ত্রিশ কোটি টাকার সম্পত্তি বাগানবাড়ি ও মৎস্য খামার জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সুয়ালক মাঝের পাড়ায় বেনজীরের ২৫ একর জায়গা জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন নেতৃত্বে খামার বাড়ি পরিদর্শন করেন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের একটি টিম।
পরে পরিদর্শন শেষে এসব জায়গা তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙ্গিয়ে সিলগালা করে দেয়া হয়।
প্রশাসন জানায়, বেনজীর আহমেদের সম্পত্তির তত্ত্বাবধানে নেওয়া এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাধারে জমা হবে। এছাড়াও আদালতের পরবর্তীতে নির্দেশনা না আসা পর্য়ন্ত এসব সম্পত্তি জেলা প্রশাসন তত্ত্বাবধানে চলবে।
এদিকে গেল কয়েকদিন আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্দরবানের সুয়ালকে ৫০ একর ও লামায় প্রায় ১০০ একর সম্পত্তির রয়েছে বলে স্থানীয় অভিযোগ করেন। এ বিষয়ে নিউজ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। পরবর্তীতে আদালতের নির্দেশনা দেয়ার পর বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নেন জেলা প্রশাসন।
পরিদর্শনে শেষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা মোতবেক প্রশাসনের রিসিভার কমিটি গঠন করা হয়েছে এবং এই সম্পত্তির দেখভাল রিসিভার কমিটি করবে। তাছাড়া আদালতের নির্দেশনা অনুয়ায়ী দুই মাস পরপর যে আয় ব্যয় সেটি দুদকের মাধ্যমে আদালতকে অবহিত করতে হবে।

















