১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নির্বাচনী গণসংযোগকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ ও একই এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মৃত্যুর পর জান্নাত পাবেন বলে ধোঁকাবাজি করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারতো না। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, তারা পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

















