জাতীয় প্রেসক্লাবে

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের ইন্তেকাল

fec-image

দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ (৭০) ঢাকায় ইন্তেকাল করেছেন। পুলিশের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন। জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে এই সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। তার বাবা সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। পরবর্তী সোমবার রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফিরেননি। এরপর পরিবার তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলছিলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা প্রেসক্লাবে তাকে দেখেছেন।

তিনি আরও বলেন, আজ সকাল ৭টার দিকে প্রেসক্লাবের এক পিয়ন টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে কেউ একজন পড়ে আছেন। তখন বাথরুমের দরজা ভেঙে বাবাকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃত আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ধারণা, অসুস্থ হয়ে তার স্বামী মারা গেছেন।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণমাধ্যম, বিএনপি মিডিয়া সেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন