বিশ্ব জনসংখ্যা দিবসে মহালছড়িতে বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভা
মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিলো- “Vulnerable Populations in Emergencies” যার ভাবানুবাদ হলো- ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় মিল্কি মারমা’র সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চঞ্চল কেতন চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো: জসিম উদ্দিন, ডা: অংক্যজাই মারমা, সাংবাদিক দীপক সেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে সকলের সচেতন হতে হবে। সরকারের গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, যে কোন দুর্যোগের সময় নারী ও কন্যা শিশুর জীবন অত্যান্ত ঝুঁকিপূর্ণ থাকে। এ সময় তাদের কিছু সুনির্দিষ্ট প্রয়োজন থাকে, যা অধিকাংশ সময়ই উপেক্ষা করা হয়। তাদের নিরাপত্তা, মর্যাদা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে তাদের পরিবার তথা সমাজ ও দেশের কল্যাণে কাজে আসবে।
বক্তারা আরো বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নের মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো- জনবল নিয়োগ, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সেবা ও পরামর্শ সহ সারা দেশে প্রতিটি ইউনিয়নে প্রায় ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিক স্থাপন উল্লেখ যোগ্য কার্যক্রম বলে উল্লেখ করা হয়। দীর্ঘ প্রায় ৬ দশকের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে অনেক সফলতা এসেছে বলে মনে করেন বক্তারা।
আলোচনার শেষ পর্যায়ে মাইসছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে সঞ্চিতা বড়ূয়া ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সিন্দুকছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের গৌরিনা চাকমাকে নির্বাচন করা হয়।


















