মাইন বিস্ফোরণে উড়ে গেছে রোহিঙ্গা নাগরিকের পা


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তের মিয়ানমারে কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামের এক রোহিঙ্গার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আবদু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।
বিস্ফোরণের শিকার ব্যক্তির স্বজন মো. হোসেন জানান, সীমান্তের মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে চট্টগ্রাম হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।
এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সীমান্তের কাছে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে তারা শেনেছেন। তবে বিস্তারিত জানতে পারেননি।
অসমর্থিতএকটি সূত্র মতে, আহত কাদের মারা গেছে। এর আগে মাইন বিস্ফোরণে ১৬ সেপ্টেম্বর এক তংচঙ্গা যুবকের পা উড়ে যায়। এছাড়া শনিবার (২ অক্টোবর) তুমব্রু জিরো লাইনের কাছে মাইন বিস্ফোরণে ২ রোহিঙ্গা হতাহত হয়।

















