মাটিরাঙ্গায় বিয়ে বাড়িতে শিশুর আকস্মিক মৃত্যু


বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ ভাগাভাগি করার আগেই পরপাড়ে চলে গেল শিশু মো. ইব্রাহিম খলিল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়ে এ শিশু শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করম আলী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। মো. ইব্রাহিম খলিল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের ২নং ওয়ার্ডের করম আলী মেম্বারপাড়ার মো. রজ্জব আলীর ছেলে। সে তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে মেধাবী শিশু শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল এর আকস্মিক মৃত্যুতে করম আলী মেম্বার পাড়ার আকাশে-বাতাসে এখন শুধু কান্নার শব্দ। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন তার মা-বাবাসহ স্থানীয়রা। মা-বাবাকে সান্ত্বনা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে অন্যদের সাথে উপস্থিত ছিল মো. ইব্রাহিম খলিল। যখন সেখানে সব শিশুরা আনন্দ করছিল তখন কাউকে কিছু না বলে সেখান থেকে বাড়ির বাইরে যায় সে। এক পর্যায়ে সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় মো. ইব্রাহিম খলিল। এসময় তাকে দ্রুত তাইন্দং বাজারে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিয়া জানান, অত্যন্ত চটপটে স্বভাবে মো. ইব্রাহিম খলিল ছাত্র হিসেবে খুব মেধাবী ছিল। তার মৃত্যুতে আমরা এক ক্ষুদে মেধাবীকে হারালাম। তার এ অকাল মৃত্যু সইবার নয়।

















