মিয়ানমারে বিয়ের ও শেষকৃত্য অনুষ্ঠানে জান্তার ভয়াবহ হামলা, নিহত ২৭

fec-image

মিয়ানমারের ভামো টাউনশিপের একটি এলাকায় শেষকৃত্য অনুষ্ঠানে দেশটির সামরিক জান্তা বাহিনীর বোমা হামলা ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকডজন মানুষ। একই দিন সকালে মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জেট বিমান দিয়ে বোমা হামলা চালায় জান্তা বাহিনী। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।

‘দ্য ইরাবতীর’ এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)-এর নিয়ন্ত্রণাধীন কাউং জার গ্রামে এই হামলা চালানো হয়।

জানা গেছে, কয়েক দিন আগে মারা যাওয়া এক বৃদ্ধের প্রার্থনা অনুষ্ঠানে (শেষকৃত্য) অংশ নিতে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎ সেখানে বোমা হামলা চালায় জান্তা বাহিনী। হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী-পুরুষের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে আছে।

কেআইএ-র মুখপাত্র কর্নেল নউ বু জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই গ্রামে বিদ্রোহী কোনো সৈন্য ছিল না জেনেও জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জান্তা সরকার এখন শত্রু আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করছে না। তারা স্কুল থেকে শুরু করে যেকোনো জনসমাগমে নির্বিচারে হামলা চালাচ্ছে।

একই দিন সকালে মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জেট বিমান দিয়ে বোমা হামলা চালায় জান্তা। এতে একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। এর আগে গত মঙ্গলবার আরাকান আর্মির একটি কারাগারেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এসব হামলায় শিশুসহ আরও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

গত মঙ্গলবার, কিয়াউকতাও ও পোন্নাগিউন শহরতলির সীমান্তে আরাকান সেনাবাহিনী পরিচালিত একটি কারাগারে হামলা চালিয়ে ২১ বন্দী এবং তাদের আত্মীয়স্বজনকে হত্যা করা হয়। আরও ৩০ জন আহত হয়।

এই হামলাগুলি মায়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনীর বেসামরিক নাগরিকদের উপর চালানো নির্মম হামলার ধারাবাহিকতা। ২০২২ সালের অক্টোবরে, কাচিন রাজ্যের হপাকান্তে কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের (KIO) ৬২তম বার্ষিকী উপলক্ষে একটি কনসার্টে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করা হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরেও, কাচিন আর্মির সদর দপ্তর লাইজার কাছে বাস্তুচ্যুতদের শিবিরে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে শিশুও ছিল।

বেসামরিক জাতীয় ঐক্য সরকার (NUG) জানিয়েছে, ২০২৫ সালের জান্তা হামলায় ২,৩২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪,১৪৬ জন আহত হয়েছে। হামলার ফলে ৩,৫৭৬টি বাড়ি, ১০২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩৬টি চিকিৎসা কেন্দ্র এবং ১৯০টি ধর্মীয় ভবন ধ্বংস হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, সামরিক জান্তা, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন