মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের কড়া প্রতিবাদ সালাহউদ্দিনের


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে কোনদিন হয়তো এমনও শুনতে হবে জামায়াত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী- যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি (জামায়াত আমির) দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, কর্নেল অলি সাহেব দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে- এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে, জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জঙ্গললকাটা নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

















