ঈদগাঁওয়ে ইয়াবা কারবারি ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার


কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী মেসার্স রাসেদ ফিলিং স্টেশন সম্মুখস্থ মহাসড়কের পূর্ব পাশের আলমাস স্টোর নামক দোকানের ভিতর থেকে ৬শত পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেক (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার কারবারি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজ পাড়ার মীর আহমদের ছেলে।
পৃথক অপর অভিযানে মো. জুনাইদ(২৩) নামের হত্যা চেষ্টা মামলার এক আসামিকে পুলিশ আটক করেছে। আটক আসামি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।
থানা পুলিশের দেয়া তথ্যানুযায়ী, বুধবার রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল মহেশখালী থানাধীন পানিছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রসঙ্গত সম্প্রতি আটক আসামি জুনাইদ ঈদগাঁও থানার নাকের ডগায় আবু তাহের (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে এবং পরে পালিয়ে যায়।
থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে অপরাধী ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
তবে অপর একটি সূত্রে জানা যায়, হত্যা চেষ্টা মামলার আসামি জুনাইদকে বুধবার রাতে মহেশখালী উপজেলার উক্ত স্থান থেকে জনতা আটক করে মহেশখালী থানায় সোপর্দ করে। পরে মহেশখালী থানা উক্ত ইসলামীকে ঈদগাঁও থানার পুলিশের নিকট হস্তান্তর করে।

















