মৃত্যুর প্রমাণ দিতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

fec-image

ভারতের ওড়িশা রাজ্যে এক বিস্ময়কর ও হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক ব্যক্তি। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে তিনি বোনের কঙ্কাল সঙ্গে নিয়ে ব্যাংকে হাজির হন।

ঘটনাটি ঘটেছে ওড়িশার কেউনঝড় জেলার পাটনা ব্লকের মালিপোসি শাখার ওড়িশা গ্রামীণ ব্যাংকে। ৫০ বছর বয়সী জিতু মুন্ডা তার বড় বোন কালরা মুন্ডার অ্যাকাউন্ট থেকে ২০ হাজার রুপি তুলতে চেয়েছিলেন। কালরা মুন্ডা চলতি বছরের ২৬ জানুয়ারি মারা যান।

জিতু মুন্ডার দাবি, ব্যাংকের কর্মকর্তারা বারবার তাকে অ্যাকাউন্টধারীকে সঙ্গে নিয়ে আসতে বলেন। তিনি একাধিকবার বোনের মৃত্যুর কথা জানালেও তা গুরুত্ব পায়নি। এতে চরম হতাশ হয়ে তিনি বোনের কবর খুঁড়ে কঙ্কাল বের করে ব্যাংকে নিয়ে আসেন, যাতে মৃত্যুর প্রমাণ দিতে পারেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি অনেকবার ব্যাংকে গিয়েছি। তাদের বলেছি আমার বোন মারা গেছেন। কিন্তু তারা শুনেনি। তাই বাধ্য হয়ে আমি তার কঙ্কাল নিয়ে আসি, যেন তারা বিশ্বাস করে।”

এ ঘটনায় পাটনা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ কিরণ প্রসাদ সাহু জানান, ব্যাংক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সঠিক প্রক্রিয়া জিতুকে বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “জিতু একজন নিরক্ষর আদিবাসী মানুষ। উত্তরাধিকারী বা নমিনির বিষয়টি তিনি জানতেন না, এবং সেটি তাকে যথাযথভাবে বোঝানো হয়নি।”

স্থানীয় ব্লক উন্নয়ন কর্মকর্তা মানস দণ্ডপাতও ঘটনাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পুলিশ এগিয়ে এসে জিতুকে সহায়তার আশ্বাস দেয় এবং তার বোনের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করার কথা জানায়। একই সঙ্গে পুলিশি তত্ত্বাবধানে কঙ্কালটি পুনরায় দাফন করা হয়েছে।

এই ঘটনা প্রশাসনিক জটিলতা ও সচেতনতার অভাবের একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে সামনে এসেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন