রাঙামাটিতে কুকুরের কামড়ে নারী-শিশু ও পুলিশসহ আহত ৩২
স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু ও পুলিশসহ ৩২ জন আহত হয়েছে। শুক্রবার সকালে শহরের শান্তিনগর, পুলিশ লাইন, পুরাতন বাস ষ্ট্রেশন, ভেদভেদী, শিমুলতলীসহ আরো কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে কুকুরের আতষ্ক। পাগলা কুকুরের অতর্কিত আক্রমনের ভয়ে ঘর থেকে বাইরে আসছেনা অনেকে। এদিকে আহতদের তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানা গেছে।
আহত ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রাঙামাটি শহরের শান্তি নগর, পুলিশ লাইন, পুরাতন বাস ষ্ট্রেশন, ভেদভেদী, শিমুলতলী বিভিন্ন এলাকা একই সময় পাগলা কুকুরের একটি দল পথচারিদের আক্রমণ করে। এসময় রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীসহ ২ জন পুলিশ সদস্য ৭জন, নারী ১০ জন ও ৩ জন্য শিশুসহ মোট ৩২জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও পৌরসভার লোকজন কুকুর দমনের চেষ্টা করে। তবে পাগলা কুকুরের দল পালিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ে।
এব্যাপারে রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট জানান, শহরে পাগলা কুকুর নিধনের জন্য কিছু বাধ্যবাধকতা থাকায় বিকল্প উপায়ে পাগলা কুকুরদের দমনে চেষ্টা করা হচ্ছে। তবে হঠাৎ করে এলাকায় কুকুরের পাগলামির বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন ও আহত রোগীদের দেখতে যায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, হঠাৎ করে শহরে কেন কুকুরের উৎপাত বেড়ে গেছে এটা চিন্তার বিষয়। পাগলা কুকুরদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে ভয়ের কিছু নাই। আর আক্রান্ত রোগীদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হবে।



















