রাঙামাটির বাঘাইছড়িতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে উষ্ণ অভ্যর্থনা

fec-image

বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখরিত রাজপথ আর ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বুধবার (২০ মে) বিকালে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে পৌঁছালে উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাদের বরণ করে নেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাতের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এতে উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আয়োজিত সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে। জুলাই আন্দোলনে দেশের ছাত্রসমাজ যেভাবে রাজপথ কাঁপিয়েছে, সেখানে তৃণমূলের নেতাকর্মীদের সাহস, ত্যাগ ও অবদান কখনো অস্বীকার করার সুযোগ নেই। আজ যারা মাঠে আছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় আছে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। জেলা ছাত্রদল সবসময় তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করে এবং ভবিষ্যতেও করবে।

তিনি আরও বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে। কোনো দমন-পীড়ন কিংবা ষড়যন্ত্র ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন থেকে সরাতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের শিক্ষার্থীরা নানা সংকটের মধ্যে রয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম রানা বলেন, বাঘাইছড়ির নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। শিক্ষা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করে যাচ্ছে।

এ সময় সাংগঠনিক সম্পাদক মো. গালিব হাসান বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বোধও ছাত্রদলের অন্যতম অঙ্গীকার।

এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য ও পরিশ্রমেই ছাত্রদল আজ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। আগামী দিনেও সবাইকে সংগঠনের স্বার্থে একসাথে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন