শেখ হাসিনা বর্তমানে ভারতের অত্যন্ত সুরক্ষিত রাষ্ট্রীয় অতিথি : তসলিমা নাসরিন


প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের অত্যন্ত সুরক্ষিত রাষ্ট্রীয় অতিথি। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে বিস্তৃত নিরাপত্তা প্রদান করছে এবং তাঁর থাকার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে, যা প্রতিদিন বিপুল অঙ্কের খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে অনেকেই হাসিনাকে শ্রদ্ধা করেন। তাঁদের ধারণা, তাঁর বিপরীতে রয়েছে ইসলামি চরমপন্থা।
মঙ্গলবার ( ১৯ মে ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তসলিমা নাসরিন বলেন, তবে সাধারণ মানুষ প্রায়ই জানেন না যে, ক্ষমতায় থাকাকালীন হাসিনা নিজে কীভাবে ইসলামকে ব্যবহার করেছেন। তিনি মৌলবাদীদের ক্ষমতায়ন করেছেন, শত শত মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমর্যাদা দিয়েছেন এবং এর মাধ্যমে জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ একাধিক প্রজন্ম তৈরিতে সহায়তা করেছেন। তাঁর শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা কীভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং নিরাপত্তাহীনতার কারণে শত শত হিন্দুকে দেশত্যাগে বাধ্য হতে হয়েছে—এসব তথ্যও অনেকের অজানা।
তিনি বলেন, আওয়ামী লীগের সংকটকালে ভারত শত শত লীগ নেতা-কর্মীকে আশ্রয় দিয়েছে। তাঁদের অনেকের মধ্যেই সম্ভবত হিন্দুবিরোধী ও ভারতবিরোধী মনোভাব রয়েছে। ভারত যে উদারতা দেখিয়েছে, তা তাঁরা কতদিন মনে রাখবেন, তা বলা মুশকিল।
আওয়ামীলীগের প্রতি ভারতের উদারতার উদাহরণ টেনে নির্বাসিত তসলিমা নাসরিন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাঙালিদের পাশে দাঁড়িয়েছিল এবং ২০২৪ সালের সংকটেও আবার তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি শেখ হাসিনা আর কখনো ক্ষমতায় ফিরবেন না—এমন ধারণা থাকা সত্ত্বেও ভারত তার সহায়তার হাত প্রত্যাহার করেনি। প্রতিবেশী দেশের প্রতি এমন সহানুভূতি ও সংহতি আজকের বিশ্বে খুব কমই দেখা যায়।
















