সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প


ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। জ্বালানির দাম বৃদ্ধিসহ নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে নাগরিকরা।
তবে ট্রাম্প জানিয়েছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ বা মূল্যস্ফীতির বিষয়টি তার কাছে মুখ্য নয়। তার প্রধান লক্ষ্য একটাই—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।
গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ইরানের সঙ্গে চুক্তির পথে হাঁটছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “একটুও না।”
তিনি আরও বলেন, “ইরান প্রসঙ্গে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”
আরেক সাংবাদিক জানতে চান, ইরান যুদ্ধের কারণে মার্কিন জনগণের ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, সেটি তিনি বিবেচনায় নিচ্ছেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, “সব আমেরিকানই বোঝেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।”
উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়।
সূত্র: নিউ রিপাবলিক















