আলীকদম-থানচি সড়কে দুর্ঘটনায় নিহত ২


বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। আহদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে আলীকদম-থানচি সড়কের ১৫ কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. দিদার (২৩) ও আবু তালেব (২৪)। একই ঘটনায় আহত হয়েছে- আবু তাহের, মো. জয়নাল, মো. কায়সার, মো. আলী, আব্দুর রহিম, জোবাইর, রেজাউল করিম, মো. শহিদুল, মো. জাফর আহম্মদ, আবু তালে, আব্দু রশিদ, মো. জিয়াবুল, নুর সালাম ও জুনু। হতাহতরা কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা।
জানা গেছে, জেলার থানচি উপজেলা থেকে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি আলীকদম আসার পথে ওই স্থানে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আলীকদম স্বাস্থ্য কমেপ্লেক্সে আনার পর আরো একজনের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

















