কক্সবাজারের ভারপ্রাপ্ত ডিসি নিজাম উদ্দিন, সালাহ্উদ্দিনকে মন্ত্রণালয়ে বদলি


নিজাম উদ্দিন আহমেদ কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব নিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) পূর্বাহ্নে কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন কক্সবাজার জেলা প্রশাসনে কর্মরত জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা প্রশাসকের পদ থেকে বদলি করে জাতীয় বেতন কমিশনের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরি অর্থ বিভাগে পদায়ন করা হয়। তিনি গত ২০ মার্চ সরকারের উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা। কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন ২০২৪ সালের ১২ আগস্ট কক্সবাজারে যোগদান করেছিলেন। কক্সবাজারের ২৫তম জেলা প্রশাসক হিসেবে তিনি এক বছর ১০ দিন দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বিসিএস (প্রশাসন) ৩৩ তম ব্যাচের একজন সদস্য। তিনি ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, কক্সবাজারের উখিয়া ও নোয়াখালী সদরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংল্যান্ডের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে ২০২৪ সালের ৯ জুন যোগ দেন। নিজাম উদ্দিন আহমেদ আগে থেকে কক্সবাজার জেলা প্রশাসনের একসাথে ৩টি গুরুত্বপূর্ণ পদ যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এছাড়া, কক্সবাজার পৌরসভার প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। এখন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হওয়ায় একসাথে ৫টি পদের দায়িত্ব পালন করবেন নিজাম উদ্দিন আহমেদ।

















