কক্সবাজার সৈকতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর ১ জনের মরদেহ উদ্ধার


বৈরী আবহাওয়ার ফলে উত্তাল সমুদ্র সৈকত। আজ সকাল ৯ টার দিকে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার নাম কেএম শাদনান সাবাব (২১) । তিনি ঢাকার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে। তার লাশ উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন- বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। শিক্ষার্থীরা সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। যার মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। যার মধ্য সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
তিনি আরো বলছেন, বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র সৈকত। অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এরই মধ্যে অন্তত ২০ টি পয়েন্টে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। তবে হতাতের খবর পাওয়া যায়নি। এই অবস্থা আরো ক’দিন থাকবে।

















