কক্সবাজার হাশেমিয়া আলিয়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ধর্মীয়-সাহিত্য বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘আত-তাওহীদ’ এর সম্পাদক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সচ্চরিত্র, খোদাভীরু ও দুর্নীতিমুক্ত মনীষীদের সংসর্গ যে কোন ব্যক্তিকে আলোকিত মানবে পরিণত করে। সান্নিধ্য ও সম্পর্কের প্রভাব সুদূরপ্রসারী। চরিত্র সংশোধন, বদঅভ্যাস পরিবর্তন ও সৎগুণাবলি উজ্জীবনে যুগে যুগে আওলিয়া, দরবেশদের ভূমিকা রয়েছে অনন্য ও অসাধারণ। ভারতীয় উপমহাদেশে লাখ লাখ মানুষ তাঁদের সংস্পর্শে হিদায়াত প্রাপ্ত হয়েছেন, ইতিহাস তাঁর জীবন্ত সাক্ষী।
গতকাল মঙ্গলবার কক্সবাজার হাশেমিয়া আলিয়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিলে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে অসৎ, মাদকসেবী, গডফাদার ও সন্ত্রাসীদের দৌরাত্ম বৃদ্ধি পেতে চলেছে। এসব বিপথগামী তরূণদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আলেম-উলামাদের সমন্বিত প্রয়াস চালানো প্রয়োজন। তীর্যক ও কটাক্ষপূর্ণ কথার চাইতে দরদি অন্তরের নরম কথায় কাজ হয় বেশি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক, প্রভাষক মাওলানা এনামুল হক ও তিতুমির ইনিস্টিটিউটের পরিচালক মাস্টার শফিকুল হক। সৈকত নগরীর বিভিন্ন স্তরের জনগণ মাহফিলে যোগ দেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।


















