কাউখালীতে জাল টাকাসহ ছাত্রলীগ নেতা আটক

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাউখালীতে জাল টাকাসহ মোঃ মামুন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাবার বাগান পুলিশ বেতবুনিয়া চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে একহাজার টাকার ছয়টি জালনোটসহ ঐ যুবক আটক করে।
এব্যাপারী কাউখালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
রাবার বাগান পুলিশ জানায়, উপজেলার বেতবুনিয়া হেডম্যান পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ মামুন (২১) একটি নাম্বার বিহীন মটরসাইকেল যোগে জাল টাকা নিয়ে কাউখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাবার বাগান চেক পোস্টে দায়িত্ব পুলিশের এসআই সফিকুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল মামুনের মটর সাইকেলের গতিরোধ করে। এসময় তার শরীর তল্লাশি করে এক হাজার টাকার ছয়টি জাল নোটসহ তাকে আট করে কাউখালী থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, পাবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ গ্রুপ ব্যবসায়ী সেজে জাল টাকা কাউখালীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে। এব্যাপারে পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে।
কাউখালী থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই জোযৎসু চাকমা জানান, আটককৃত মামুন সংঘবদ্ধ কোন জাল নোট সরবরাহকারী দলের সদস্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। শনিবার সকালে মামুনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে কাউখালী থানায় জাল নোটসহ আটককৃত যুবক মামুন নিজেকে ২নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নিজেকে দাবি করে জানান, ব্যবসায়িক লেনদেনের সময় কেউ আমাকে এসব জাল নোট সরবরাহ করেছে, আমি নির্দোষ।

















